ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নাগরপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৪, ২৮ মার্চ ২০২৬

নাগরপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

ছবি: ঢাকা এক্সপ্রেস

টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি-ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী আহত হয়েছেন। নিহত আলিফা উপজেলার কাশাদহ গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নাগরপুর উপজেলার মামুদনগর পুরাতন বাসস্ট্যান্ডের অদূরে জুয়েলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশাদহ গ্রামের বাবুল হোসেনের ৮ বছরের শিশু কন্যা আলিফা তার ফুপা আজমিরুলের মোটরসাইকেলে করে নাগরপুরে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি-ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে শিশু আলিফা পড়ে যায়। এ সময় ট্রলি-ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের দাদা মো. আব্দুস সাত্তার জানান, তার নাতনী আলিফা তার ফুপার সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ সময় তার ফুপা আজমিরুল ও ফুপি রত্না আক্তার আহত হন। তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন