ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মঠবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৯:০৪, ২৮ মার্চ ২০২৬

মঠবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ছবি: ঢাকা এক্সপ্রেস

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক মর্তুজা হোসেনের ওপর সন্ত্রাসীদের গুপ্ত হামলা এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার পূর্ব রাজপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকাবাসী ও সংবাদকর্মীসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।

মর্তুজা হোসেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিআরবি) মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক, ঢাকা এক্সপ্রেস ও জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের মঠবাড়িয়া প্রতিনিধি, পূর্ব রাজপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মর্তুজা হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। পূর্ব শত্রুতার জেরে প্রতিহিংসামূলকভাবে একদল সন্ত্রাসী তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়েছে এবং গত ১৯ মার্চ ২৯ রমজানের রাতে পূর্বপরিকল্পিতভাবে তাকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে মঠবাড়িয়া পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন এলাকায় হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় হাসপাতালে প্রেরণ করেন।

বক্তারা পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলালের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং মর্তুজা হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়া শাখার সভাপতি নাজমুল আহসান কবির তার বক্তব্যে বলেন, মর্তুজা হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে কখনো কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরো বলেন, সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় মর্তুজা হোসেন গুরুতর আহত হওয়ায় তারা গভীরভাবে মর্মাহত। প্রশাসনের কাছে তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দায়েরকৃত বানোয়াট মামলা তদন্তপূর্বক প্রত্যাহারের দাবি জানান।

পরিশেষে বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন