শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩০, ২৮ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা থেকে বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর-খুলনা মহাসড়কের পাশের কানাইপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কানাইপুর বাজারের হোসেন ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী এবং সাকিব রহমান আকাশ এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, অভিযানের শুরুতে কানাইপুর বাজারে দুলাল কুন্ডুর দোকান, গুদাম ও বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে পেট্রোল ও অকটেনের কোনো মজুদ পাওয়া যায়নি, তবে দোকানে অনুমোদিত মাত্রায় ডিজেল পাওয়া গেছে।
পরে একই এলাকায় হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পাম্পটি বন্ধ পাওয়া যায়। সেখানে ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ থাকা সত্ত্বেও ভোক্তাদের তেল সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাম্পটির ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে পাম্পটি সকল ভোক্তার জন্য খুলে দিয়ে বাস, ট্রাক, কৃষক, প্রাইভেটকার ও মোটরসাইকেলে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। এ সময় পাম্প কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি আরো জানান, একই দিনে ফরিদপুর-খুলনা মহাসড়কের পাশের কানাইপুর এলাকার রয়েল ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়। সেখানে ভোক্তাদের শুধু ডিজেল বিক্রি করা হচ্ছিল এবং পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। মজুদ যাচাই করে দেখা যায়, পাম্পটিতে ৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১৯ হাজার লিটার ডিজেল রয়েছে।
পাম্পটির মালিক ও ম্যানেজার যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করলে তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ চালু করা হয়। পরবর্তীতে ভোক্তাদের নিয়মিত সরবরাহ নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া হয়নি। বর্তমানে পাম্পগুলোতে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে