ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

গলাচিপায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সময় পেলেন বসতকারীরা

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশ: ১৬:৫০, ১ এপ্রিল ২০২৬

গলাচিপায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সময় পেলেন বসতকারীরা

ছবি: ঢাকা এক্সপ্রেস

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় মানবিক বিবেচনায় সাময়িকভাবে অভিযান স্থগিত করেছে উপজেলা প্রশাসন। এতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে স্থানীয় অসহায় পরিবারগুলোর পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি এবং প্রতিমন্ত্রী নুরুল হক নূরের উপজেলা প্রতিনিধি মুহিবুল্লাহ এনিম। এ সময় গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল হোসেন উপস্থিত ছিলেন।

মুহিবুল্লাহ এনিম প্রশাসনের কাছে অসহায় পরিবারগুলোর মানবিক দিক তুলে ধরে উচ্ছেদ কার্যক্রমে কিছু সময় দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ উচ্ছেদ করা হলে নারী ও শিশুদের নিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়বে। তাই মালামাল সরিয়ে নেওয়ার জন্য একটি যৌক্তিক সময় দেওয়ার প্রয়োজন রয়েছে।

তার এ অনুরোধের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান উচ্ছেদ অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে বসতকারীদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন।

প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে। পরে মুহিবুল্লাহ এনিম ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে জানান, তাদের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে আইনগত আলোচনার উদ্যোগ নেওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে উপস্থাপন করা হবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিযানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন