শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৭, ৫ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
জানা যায়, ২০১৮ সালের ১৩ জুন নড়াইল জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতি হিসেবে ফরিদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার মাহমুদুল হাসান সনি দায়িত্ব পান। পরে ২০২১ সালের ৩১ মার্চ কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করে।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের সময়ে রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ আট বছরেও জেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে ৫ আগস্ট পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠিত হওয়ায় এখন নতুন কমিটি গঠনের দাবি জোরালো করেছেন দলীয় নেতাকর্মীরা।
এই প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির তৃণমূল পর্যায় থেকে উঠে আসা স ম রাকিবুজ্জামান পাপ্পু সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি এ পদে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন।
রাকিবুজ্জামান পাপ্পু বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তিনি একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। কারাবরণসহ নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি দাবি করেন, ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন হলে সংগঠন আরো শক্তিশালী ও গতিশীল হবে।
দলীয় নেতাকর্মীরা জানান, ১/১১-পরবর্তী সময়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন রাকিবুজ্জামান পাপ্পু। তিনি ২০১৪ সালের ২৬ আগস্ট কালিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সদস্য হিসেবে ছাত্রদলের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। পরবর্তীতে তিনি কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত সরকারের সময়ে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দুই দফায় মোট ১৯৫ দিন কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায়ও ২০১৮ সালের ১৩ জুন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এছাড়া বিভিন্ন সময় হরতাল, অবরোধ ও লিফলেট বিতরণসহ দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানান নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীরা আরো জানান, বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক মামলায় তাকে আসামি করা হয় এবং কয়েকবার নির্যাতনের শিকার হন তিনি।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি, নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটিতে স ম রাকিবুজ্জামান পাপ্পুকে সাধারণ সম্পাদক করা হলে সংগঠন আরো শক্তিশালী ও গতিশীল হবে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা চললেও কেন্দ্র থেকে এখনো সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে