শিরোনাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০:৩৫, ৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৩৬, ৬ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার বোড়াই রাহিমা খাতুন দাখিল মাদরাসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৯৮০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে এমপিওভুক্ত হয়। তবে দীর্ঘদিন ধরে অকার্যকর পরিচালনা কমিটি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে মাদরাসাটি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে। ফলে সময়ের সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা কমে গেলেও শিক্ষক সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
মাদরাসার দাখিলকৃত তালিকায় ২৪৫ জন শিক্ষার্থীর নাম থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত উপস্থিত শিক্ষার্থী মাত্র ৯ জন। সে হিসেবে উপস্থিতির হার প্রায় ৩ শতাংশে নেমে এসেছে বলে জানা গেছে।
এদিকে অভিযোগ উঠেছে, মাদরাসার মাঠ ও কয়েকটি শ্রেণিকক্ষ বন্ধ রেখে সেখানে আলু সংরক্ষণ করেছেন বর্তমান পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলাম। মাদরাসার এক পিয়ন জানান, বিষয়টি একাধিকবার জানানো হলেও এখনো আলু সরানো হয়নি।
দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল কাইয়ুম জানান, প্রতিটি শিক্ষার্থীর বিপরীতে প্রায় দুজন শিক্ষক থাকলেও এখানে পড়াশোনার পরিবেশ না থাকায় অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। তিনি আরো অভিযোগ করেন, অনেক শিক্ষক নিজেদের সন্তানদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি করালেও উপবৃত্তির সুবিধা নিতে এই মাদরাসায় শিক্ষার্থীর নাম ব্যবহার করা হচ্ছে।
নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, নিয়মিত ক্লাস হলেও শিক্ষার্থী খুবই কম। অনেক সময় একটি শ্রেণিতে দুই থেকে তিনজনের বেশি শিক্ষার্থী থাকে না।
এছাড়া স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট রবিউল ইসলামকে সভাপতি করে ১১ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হলেও এ বিষয়ে অনেক অভিভাবক ও দাতা সদস্য অবগত নন।
মাদরাসার সুপারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এমনকি ১ এপ্রিলের হাজিরা খাতা দেখতে চাইলে তা প্রদর্শন করতেও ব্যর্থ হন। এ সময় কৃষি শিক্ষিকা সুলতানা রাজিয়া হাজিরা খাতা দেখাতে অস্বীকৃতি জানিয়ে উত্তেজিত আচরণ করেন। তিনি বর্তমান পরিচালনা কমিটির সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য বলেও জানা গেছে।
এ বিষয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাবেদ ইকবাল হাসান বলেন, এখনো তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেননি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা জানান, বিষয়টি ইতোমধ্যে শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে