ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কুষ্টিয়ায় আস্তানায় হামলা, কথিত পীরকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৩, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৪৫, ১১ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় আস্তানায় হামলা, কথিত পীরকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক কথিত পীরের আস্তানায় হামলা চালিয়ে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন-এর ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় পড়াশোনা শেষ করে কিছুদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে নিজ এলাকায় ফিরে একটি আস্তানা গড়ে তোলেন।

বিকাল পৌনে পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির একটি পুরোনো ভিডিও সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়ে, যাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য থাকার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ক্ষুব্ধ লোকজন আস্তানায় হামলা চালায়।

পুলিশ সুপার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতার সংখ্যা বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে হামলাকারীরা তাকে পিটিয়ে হত্যা করে।

তিনি আরো জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। ভিডিওটি কীভাবে নতুন করে ছড়িয়ে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সে সময় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবার এলাকায় কার্যক্রম শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন