ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

জামালপুরে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু, তদন্ত দাবি পরিবারের

জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৪:৫৮, ১৫ এপ্রিল ২০২৬

জামালপুরে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু, তদন্ত দাবি পরিবারের

জিয়াউল হক জিয়া

জামালপুর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ নম্বর দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা, দিগপাইত ধরনীকান্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া কারাবন্দী অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতের দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, সময়মতো যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন জিয়াউল হক জিয়া। কারাবন্দী অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রায় তিন দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি কারা কর্তৃপক্ষ তার বড় মেয়েকে জানায়।

মঙ্গলবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেদিন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ হওয়ায় হাসপাতালে চিকিৎসক সংকট ছিল বলে জানা গেছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

পরিবারের দাবি, শারীরিক অবস্থা গুরুতর থাকা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। একপর্যায়ে তাকে আবার জামালপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যার দিকে পুনরায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়।

দীর্ঘ সময় পার হওয়ার পর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জিয়াউল হক জিয়ার পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হলে তাকে বাঁচানো সম্ভব হতে পারত। তারা এ ঘটনাকে ‘কারাগারে চিকিৎসা অবহেলার ফল’ দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা কারাবন্দী জিয়াউল হক জিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন