ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি গুণীজনদের

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫:০০, ১৯ এপ্রিল ২০২৬

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি গুণীজনদের

বক্তব্যরত নজরুল গবেষক এইচ এম সিরাজ। ছবি: ঢাকা এক্সপ্রেস

নড়াইলে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন শিক্ষক, কবি-সাহিত্যিক, গবেষকসহ বিভিন্ন পেশার মানুষ। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত কৃষক মেলা ও সাংস্কৃতিক উৎসবের আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল সদরের বিছালী এলাকার ঘরামি ঘর চত্বরে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান, সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার সম্পাদক ও নজরুল গবেষক এইচ এম সিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সিটি কলেজের অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, যশোর ভবদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতলব সরদার, কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক কবি এম এ কাশেম অমিয়, বিছালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঘরামি ঘরের সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্যা, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন সেলিম, নড়াইল জেলা সংসদের সভাপতি কল্যাণ মুখার্জি, পাচারের শিকার মানব উদ্ধার সংস্থার চেয়ারম্যান কবি সৈয়দ খায়রুল আলম, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, কবি ও গীতিকার আব্দুল হান্নান, সাংবাদিক জিয়াউর রহমান জামি এবং ঘরামি ঘরের যুগ্ম সম্পাদক কবি তৃপ্তি রানী বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, নড়াইল জেলা ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ হলেও উন্নয়নের ধারায় বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে। এ জেলার মাটিতে জন্মগ্রহণ করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান, চারণকবি বিজয় সরকার, জারিসম্রাট মোসলেম উদ্দিন, ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্ত, নৃত্যশিল্পী উদয় শংকর, সেতারবাদক রবি শংকর এবং নজরুল সংগীতের সুরকার কমল দাশ গুপ্তসহ বহু গুণীজন। তাঁদের স্মৃতিবিজড়িত এ জেলায় একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরো বলেন, পদ্মা সেতু ও দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু চালু হওয়ার ফলে রাজধানী ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে নড়াইলের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। ফলে নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত হবে।

আলোচনা সভা শেষে রাত ১২টা পর্যন্ত জারি, বাউল ও বিচ্ছেদ গান পরিবেশন করেন শিল্পী নাজমুল ইসলাম বয়াতি, শামীম হোসেন বয়াতি এবং শিশুশিল্পী সামিউল ইসলাম।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন