শিরোনাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:১০, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:১১, ২২ এপ্রিল ২০২৬
শারীরিক প্রতিবন্ধী মো. শহিদ
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মধ্য ঝাউগড়া গ্রামের বাসিন্দা মোছা. অজুফা বেগম ও তার স্বামী শারীরিক প্রতিবন্ধী মো. শহিদ দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। পারিবারিক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
১৫ এপ্রিল বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর পরদিন সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় অজুফা বেগম ও তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করা হয়।
একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মো. শহিদকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথা, হাত ও মুখে গুরুতর আঘাত লাগে। একটি হাত ভেঙে যায়, সামনের দাঁত ভেঙে যায় এবং বাম কানে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।
অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা প্রায় ৩০ হাজার টাকা লুট করে এবং বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে এবং দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের বিষয়টি নিয়ে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঢাকা এক্সপ্রেস/ইউকে