শিরোনাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০:১১, ২২ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয় কৃষকদের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগ এবং সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি ভারহুত, গোয়ালপাড়া ও হরিপুর এলাকার মাঠের পানি শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্ট দিয়ে হারাবতী নদীতে নিষ্কাশিত হয়। অভিযোগ রয়েছে, শিরট্টি গ্রামের আব্দুল আলীম নামের এক ব্যক্তি কালভার্ট দুটির পানি নিষ্কাশনের মুখ আংশিক বন্ধ করে ইটের বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন। এতে সংশ্লিষ্ট মাঠগুলোতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষক মতিয়ার রহমান, মিজানুর রহমান ও তোজাম্মেলসহ একাধিক কৃষক জানান, ওই মাঠগুলোতে আলু, তরমুজ ও ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয়। হঠাৎ বৃষ্টি হলে মাঠের অতিরিক্ত পানি বের হওয়ার একমাত্র পথ হচ্ছে ওই কালভার্ট দুটি। এগুলোর মুখ বন্ধ হয়ে গেলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল আলীম বলেন, তিনি সরকারি নিয়ম মেনে তিন ফুট জায়গা ছেড়ে দিয়ে বসতবাড়ি নির্মাণ করছেন। তার দাবি, এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ জানান, স্থানীয় ভূমি অফিসকে সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে