ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মেলান্দহে অপপ্রচারের অভিযোগে নূরুল আলমের সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৮:২৮, ২৫ এপ্রিল ২০২৬

মেলান্দহে অপপ্রচারের অভিযোগে নূরুল আলমের সংবাদ সম্মেলন

ছবি: ঢাকা এক্সপ্রেস

জামালপুরের মেলান্দহে নিজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মেলান্দহ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী নূরুল আলম সিদ্দিকী।

শনিবার (২৫ এপ্রিল) সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশন সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্ররোচনায় তার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

লিখিত বক্তব্যে নূরুল আলম সিদ্দিকী বলেন, সম্প্রতি আব্দুর রহমান মন্টু, রাকিবুল ইসলাম রাজা, আব্দুর রাজ্জাক রাজু, রানা এবং আনোয়ারা বেগমসহ কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে পৃথক সংবাদ সম্মেলন করে সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন ও বিভিন্ন পত্রিকায় অসত্য তথ্য প্রচার করেছেন। এতে তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি বৈধভাবে ফুলছেন্না মৌজায় প্রায় ৫৯ শতাংশ জমি ক্রয় করেন এবং ওই জমির সকল কাগজপত্র ও নামজারি সম্পন্ন রয়েছে। তবে তার অভিযোগ, ওই জমির একটি অংশ দীর্ঘদিন ধরে আব্দুর রহমান মন্টু জোরপূর্বক দখলে রেখেছেন। জমি উদ্ধারের চেষ্টা করলে তাকে হামলা ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া আরেকটি ঘটনায় তিনি দাবি করেন, তার প্রবাসী ভাইয়ের কাছ থেকে ক্রয় করা জালালপুর মৌজার আড়াই শতাংশ জমিতে নির্মিত একটি টিনসেট ভবন দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে দখলে রেখেছেন শফিকুল ইসলাম রিপন ও তার স্ত্রী আনোয়ারা বেগম। নির্ধারিত সময় পর্যন্ত ভাড়া প্রদান করলেও ২০১৮ সালের পর থেকে তারা ভাড়া দেওয়া বন্ধ করে দেন এবং প্রভাব খাটিয়ে এখনো ভবনটি দখলে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নূরুল আলম সিদ্দিকী আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে জনগণের সেবা করে আসছি। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন