শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৫, ২৬ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই ভাই ওই গ্রামের মৃত ধলা মুন্সির ছেলে।
স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, গুরুতর আহত হায়দার মুন্সির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত হায়দার মুন্সির মা নিরু খাতুন জানান, একই গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে কালাম মণ্ডলের সঙ্গে হায়দারের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় তিন বছর আগে একটি মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হায়দারকে ডেকে নিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আহত সুজন মুন্সি জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা প্রথমে তাকে কোপ দেয়। পরে তার ভাই হায়দারকে ধাওয়া করে একটি বাড়ি থেকে বের করে এনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রশিদ জানান, হায়দার মুন্সির শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। তার একটি হাত ও একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহতের মা নিরু খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৫। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।
ঢাকা এক্সপ্রেস/ইউকে