শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫৩, ২৭ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয় সূত্রে জানা যায়, জেলে স্বপন বেপারী (৪০), সাগর বেপারী (৪৮), বিল্লাল খান (৬০) ও শেখ ইলিয়াস (৪০) পদ্মা নদীতে হাজারী বড়শি বসিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তাদের বড়শিতে একটি কুমির আটকা পড়ে। পরে তারা কুমিরটিকে সতর্কতার সঙ্গে তুলে রশি দিয়ে বেঁধে ঘাটের পাড়ে নিয়ে আসেন।
জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরও দুটি কুমির ভেসে থাকতে দেখা গেছে। তার দাবি, ওই দুটি কুমির আকারে আরও বড় ছিল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বপন বেপারী বলেন, বড়শিতে কুমির আটকা পড়ার পর তারা দ্রুত সেটিকে নিয়ন্ত্রণে এনে ঘাটে নিয়ে আসেন এবং বিষয়টি বন বিভাগকে জানান।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী রিপন হোসেন জানান, খবর পেয়ে থানার ওসির নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। যাতে কেউ কুমিরটিকে আঘাত করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, ঘটনাটি জানার পরপরই বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে