ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ফরিদপুরে তিন খুনের প্রধান অভিযুক্ত যৌথ অভিযানে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৬:৩৬, ২৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে তিন খুনের প্রধান অভিযুক্ত যৌথ অভিযানে গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

ফরিদপুর সদর উপজেলায় কোদাল দিয়ে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র অভিযুক্ত যুবককে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তার বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে আজগর মোল্লার বাড়ির পাশের কলাবাগান থেকে আকাশ (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানান, যৌথ অভিযানে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ভোরে অভিযান চালানো হয়। অভিযুক্তকে তার বাড়ির পাশের কলাবাগান থেকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। আটক করার সময় তার কথাবার্তা অসংলগ্ন ছিল বলেও জানান তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর আকাশকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তিনজনকে কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন কথাবার্তাও বলেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আকাশ হঠাৎ কোদাল নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন। এ সময় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর সোমবার রাতেই ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, তিনজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান শুরু করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন