ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-রোলার সংঘর্ষে নিহত ১, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি

প্রকাশ: ২৩:১৬, ১০ মে ২০২৬ | আপডেট: ২৩:১৭, ১০ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-রোলার সংঘর্ষে নিহত ১, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রুমানা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমানা বেগম কসবা উপজেলার তেতুইয়া গ্রামের বাবরু মিয়ার মেয়ে।

আহতরা হলেন সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তুহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার শিক্ষার্থী হালিমা আক্তার এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

স্থানীয় লোকজন ও নিহতের ছেলে জুয়েল মিয়া জানান, সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। পথে উড়শিউড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফোরলেন সড়কের চলমান কাজে ব্যবহৃত একটি রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমানা বেগম মারা যান।

এ বিষয়ে সরাইল-খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন