ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩:৫৪, ১১ মে ২০২৬

গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টায় গলাচিপা হাসপাতাল রোড এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-র সভাপতি মো. জাহিদুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম আরিফ।

এছাড়া বক্তব্য দেন ম্যানেজার ফোরামের সভাপতি মো. ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন এবং সদস্য মো. হুমায়ুন কবির।

বক্তারা বলেন, “আমরা দালাল নই, আমরা চাকরি করি। বৈজ্ঞানিকভাবে রোগ নির্মূলে কোম্পানির ওষুধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য প্রদান করি।” তারা জানান, দেশের ওষুধ শিল্পে প্রায় তিন লাখ দক্ষ প্রতিনিধি কাজ করছেন এবং চিকিৎসকদের নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য দিয়ে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে ভূমিকা রাখছেন।

মানববন্ধনে অভিযোগ করা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অপমান ও মানসিক নিগ্রহের শিকার হন। কোনো কোনো ক্ষেত্রে তাদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা হয়, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে।

বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন