ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কিশোরগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২৬ বছর পর ঢাকায় গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:০১, ১৩ মে ২০২৬ | আপডেট: ০০:০২, ১৩ মে ২০২৬

কিশোরগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২৬ বছর পর ঢাকায় গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালামকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ৩টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকায় র‍্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত আবুল কালাম উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার (১৩ মে) সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত তিন মাস ধরে পলাতক আসামি আবুল কালামের গতিবিধি পর্যবেক্ষণ করছিল পাকুন্দিয়া থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে র‍্যাব-৩ এর সহযোগিতায় পাকুন্দিয়া থানার এএসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার চরলক্ষীয়া গ্রামের আবুল কালামের সঙ্গে একই গ্রামের সোহেল (১৪) নামে এক কিশোরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম সোহেলের গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কালাম আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় নিহত সোহেলের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে ২০১০ সালে আদালত আবুল কালামকে মৃত্যুদণ্ড দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, “একটি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিকে এত বছর পর গ্রেপ্তার করা পাকুন্দিয়া থানা পুলিশের একটি বড় সাফল্য। দীর্ঘ ২৬ বছর ধরে সে আত্মগোপনে ছিল।” তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন