ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

শোলাকিয়া ঈদগাহে দৃষ্টিনন্দন ফটকের নির্মাণ কাজের উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:৩৭, ১৩ মে ২০২৬

শোলাকিয়া ঈদগাহে দৃষ্টিনন্দন ফটকের নির্মাণ কাজের উদ্বোধন

ছবি: ঢাকা এক্সপ্রেস

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মাঠের প্রবেশদারে দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।

জানা গেছে, গত ঈদুল ফিতরের ১৯৯তম শোলাকিয়া ঈদের জামাতে লাখো মুসল্লির সামনে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে ঈদগাহ ময়দানে একটি আকর্ষণীয় ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এই নির্মাণ কাজ শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদ হাসান, করিমগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এবং শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠানে বক্তারা শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব দেন। জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল এসব প্রস্তাব গুরুত্ব সহকারে শোনেন এবং ভবিষ্যতে ঈদগাহের সৌন্দর্য ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ঈদের জামাতস্থল হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ৭ একর আয়তনের এই ঈদগাহে ২৬৫টি কাতারে কয়েক লক্ষ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

ইতিহাস অনুযায়ী, ১৭৫০ সালে এখানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং ১৮২৮ সালে বৃহৎ পরিসরে ঈদের জামাতের আয়োজন শুরু হয়। প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই ঈদগাহে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্ব পালন করে থাকে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন