ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

কাস্টমস কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় তুহিন মিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি

প্রকাশ: ২১:২৪, ১৩ মে ২০২৬

কাস্টমস কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় তুহিন মিয়া গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র পরিদর্শনে গিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তুহিন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তুহিন মিয়া বাঞ্ছারামপুর উপজেলা সদরের ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের নবীনগর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা এ. এস. এম. সাইফুল ইসলাম উপজেলার দুর্গারামপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’-এ ভ্যাট সংক্রান্ত কাগজপত্র পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চান।

পরে সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর রহমান ও তার সহযোগীরা তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন এবং একটি হাত ভেঙে যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী কর্মকর্তা বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তুহিন মিয়াকে গ্রেপ্তার করে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, মামলার প্রধান আসামিসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন