ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ফরিদপুরে কুকুরে খোঁড়া গর্ত থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২:৫১, ১৪ মে ২০২৬

ফরিদপুরে কুকুরে খোঁড়া গর্ত থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ফরিদপুরে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে কুলসুম বেগম নামের এক গৃহিণী পুকুরপাড়ে ছাগল চরাতে গিয়ে কয়েকটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। কাছে গিয়ে দুর্গন্ধ পেয়ে মাটিচাপা অবস্থায় মানুষের পা দেখতে পান এবং চিৎকার করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে অজ্ঞাত এক নারী (৩০–৩৫) ও এক কন্যাশিশুর (৩–৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

নিহতরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর কর্ণসোনা গ্রামের আমজাদ শেখের স্ত্রী জাহানা আক্তার এবং তাদের তিন বছর বয়সী কন্যা সামিয়া আক্তার। জাহানা আক্তার মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামের লালন মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে ওষুধ কিনতে গিয়ে তারা নিখোঁজ হন। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য জামাল মোল্লা জানান, ঘটনাস্থলের আশপাশে উজ্জ্বল নামের এক যুবকের সঙ্গে পারিবারিক বিরোধের বিষয়ও ছিল। তবে এ ঘটনায় তার সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে আজমীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন