ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২০:৩১, ১৫ মে ২০২৬

ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া

ছবি: ঢাকা এক্সপ্রেস

তিনদিনের সফরে ভোলায় এসে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি। গত ১৩ মে তিনি এই দ্বীপ জেলায় সফরে আসেন। সফরকালে তার সঙ্গে দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ভোলা সার্কিট হাউজে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। পরে বিকেলে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কৃষি, সার ও জ্বালানি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ উল্লেখ করে তিনি বলেন, এসব খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া।

তিনি আরও বলেন, “ভোলা সফর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার সম্পর্ককে আরও গভীর করবে। ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।”

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নাগরিকদের জন্য আলজেরিয়ার দূতাবাস দ্রুত ভিসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, মাত্র ১০ মিনিটের মধ্যেই ভিসা সরবরাহের ব্যবস্থা করা হবে।

এর আগে ভোলা সফরে পৌঁছালে রাষ্ট্রদূতকে স্বাগত জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলার জ্বালানি, সার, কৃষি ও ওষুধ শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বৈঠকে জেলা প্রশাসক ভোলার গ্যাসভিত্তিক শিল্প, কাঁচ ও সিরামিক শিল্প, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনার বিষয়গুলো রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একই সঙ্গে আলজেরিয়ার বিনিয়োগ আগ্রহ এবং ভোলায় যৌথ বিনিয়োগের বিভিন্ন সুযোগ নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং এর মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ী নেতারা এ সভাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি হুমায়ুন কবির সোপানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম নবী আলমগীর।

এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম খান, মো. রাইসুল আলম, তরিকুল ইসলাম কায়েদ ও মো. সোহেলসহ অন্যান্যরা।

সভায় ভোলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনদিনের সফর শেষে শুক্রবার সকাল ১০টায় বরিশাল হয়ে ভোলা ত্যাগ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন