ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কিশোরগঞ্জে সিএনজি দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:০৩, ১৮ মে ২০২৬

কিশোরগঞ্জে সিএনজি দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত, আহত ৪

ছবি: সংগৃহীত

নেত্রকোনা থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার (১৭ মে) নেত্রকোনার কুরপাড়া সিএনজি স্টেশন থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মেরেঙ্গা তারেরঘাট এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর চার যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। কিশোরগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ জিয়াউল হক জানান, দুপুর আনুমানিক ১টার দিকে সিএনজিযোগে নিহত নারীর মরদেহসহ চারজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে আহতরা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানাকে অবগত করা হয়েছে। পুলিশ এসে নিহতের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আহত যাত্রী মোহাম্মদ ছন্দু মিয়া জানান, তারা সবাই নেত্রকোনা থেকে কিশোরগঞ্জে আসছিলেন। তিনি সিএনজিতে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে হাসপাতালে নিজেকে দেখতে পান। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা তিনি বলতে পারেননি।

নিহত নারীর পরিচয় শনাক্তে পরিবারের সদস্য বা স্বজনদের দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন