শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০০:১১, ১৮ মে ২০২৬
ছবি: সংগৃহীত
ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, আগামী ১৯ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে এ মেলার উদ্বোধন করবেন। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হবে।
সোহানা নাসরিন আরও বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে। নাগরিকরা অনলাইনে কিংবা সেবা বুথের মাধ্যমে সহজেই এসব সেবা গ্রহণ করতে পারবেন।
মেলা উপলক্ষে সাধারণ ভূমিসেবা ছাড়াও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, সেবাগ্রহীতাদের তথ্য প্রদান, সেমিনার আয়োজন এবং শিক্ষার্থীদের ভূমি বিষয়ে ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান এর সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, রেভিনিউ ডেপুটি কালেক্টর নিলুফা আক্তার রুপা এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা এক্সপ্রেস /ইউকে