ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সাংবাদিকদের নিয়ে বারটানের ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫০, ১৮ মে ২০২৬

সাংবাদিকদের নিয়ে বারটানের ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ছবি: সংগৃহীত

সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক খাদ্যাভ্যাস, নিরাপদ পুষ্টি গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে ফলিত পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সিরাজগঞ্জের বারটান আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় বারটানের আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আ. মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায় বলেন, বর্তমানে অপুষ্টি, খাদ্যে ভেজাল, অনিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঠিক পুষ্টি তথ্য পৌঁছে দিলে সমাজে সুস্থ জীবনযাপন ও নিরাপদ খাদ্য গ্রহণ সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে।

সভাপতির বক্তব্যে ড. মো. আ. মজিদ ফলিত পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি স্বচিত্র উপস্থাপনার মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও বয়স্কদের পুষ্টি চাহিদা, সুষম খাদ্যের গুরুত্ব, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য সংরক্ষণ এবং দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেই হবে না, খাদ্যের পুষ্টিমান সম্পর্কেও সবাইকে সচেতন হতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যমে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতামূলক সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এ সময় বারটানের কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব জীবনে পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, কর্মশালাটি তাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে নতুন ধারণা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরও আয়োজনের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার, বাংলা ভিশন ও বাসসের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক ও এনটিভি এবং আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক ও এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি রহমত আলী, কোষাধ্যক্ষ ও নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এ এইচ এম আলমগীর, দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়সহ অন্যান্যরা।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন