ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২০:২২, ১৯ মে ২০২৬

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

ছবি: ঢাকা এক্সপ্রেস

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

উদ্বোধনের পর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের কোর্ট কম্পাউন্ড এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, নামজারিতে সারাদেশের মধ্যে ফরিদপুর প্রথম স্থান অর্জন করেছে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এর আগে রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন।

তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. নজরুল ইসলাম এবং ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাওহিদ আলম ওশান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা।

জেলা প্রশাসন ফরিদপুরের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে একাধিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমি সেবা ও ভূমি বিষয়ক পরামর্শসহ নানা ধরনের সেবা দেওয়া হচ্ছে।

আগামী ২১ মে পর্যন্ত এ ভূমি সেবা মেলা চলবে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন