শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২০:৪৩, ১৯ মে ২০২৬
ছবি: সংগৃহীত
দীর্ঘ চার দশক ধরে পাঁচটি ইউনিয়ন নিয়ে পরিচালিত আখাউড়া উপজেলার সঙ্গে এবার যুক্ত হলো নবগঠিত বরিশল ইউনিয়ন। এর ফলে আখাউড়া উপজেলার ইউনিয়ন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। প্রজ্ঞাপনে বলা হয়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন পরিষদ গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
নতুন ইউনিয়নে অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো বরিশল, কোড্ডা, চান্দি, শ্যামনগর, বৈষ্ণবপুর ও কোড়াবাড়ী। নবগঠিত ইউনিয়নের জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার।
জানা গেছে, গত ২৪ মার্চ জেলা বিএনপির সদস্য ও বরিশল গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট কবির আহমেদ ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠন এবং তা আখাউড়া উপজেলার সঙ্গে সংযুক্ত করার আবেদন করেন। আবেদনের পর জেলা প্রশাসন নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু করে।
তবে নতুন ইউনিয়নকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার বিষয়টি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। “আখাউড়া উপজেলার সীমানা ও জনস্বার্থ রক্ষা কমিটি” ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
অন্যদিকে নতুন ইউনিয়নের অন্তর্ভুক্ত কয়েকটি গ্রামের বাসিন্দারা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে মত দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ইউনিয়ন গঠন এবং আখাউড়া উপজেলার সঙ্গে সংযুক্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এখন তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশিত হলে সিদ্ধান্ত কার্যকর হবে।
তিনি আরও বলেন, “সময় কম বা বেশি হওয়ার বিষয় নয়, প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কি না সেটিই মূল বিষয়।”
ঢাকা এক্সপ্রেস /ইউকে