শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৫, ২৫ মে ২০২৬
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে একটি মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আটক হওয়া ইমামের নাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর (বনপাড়া) গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসা থেকে হিফজ শেষ করে প্রায় এক মাস আগে পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশুটি ইমামের জন্য খাবার নিয়ে মসজিদে যায়। এ সময় মসজিদের ভেতরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কুলিয়ারচর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহবুবকে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে প্রয়োজনীয় আলামত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা চাপের মুখে আপস করা হবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা এক্সপ্রেস /ইউকে