ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

অলওয়েদার সড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দম্পতি ও সন্তানের

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:০৫, ২৬ মে ২০২৬

অলওয়েদার সড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দম্পতি ও সন্তানের

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলে থাকা তিন আরোহী।

নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের ছেলে মুহাম্মদ আয়ান (১০)। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা মো. রোকন উদ্দিন জানান, সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনের দিকে যাচ্ছিলেন মনির হোসেন। পথে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সেটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে যায়।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পিকআপ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন