ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সৈয়দপুরে অনলাইন ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৭, ২৬ মে ২০২৬

সৈয়দপুরে অনলাইন ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরসহ চার যুবককে আটক করেছে র‌্যাব-১৩। সোমবার (২৫ মে) উপজেলার খাতামধুপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইউনিয়নের তেলিপাড়া এলাকার মো. আইজ উদ্দিন বিশ্বাসের তিন ছেলে মো. হাসানুর রহমান (৩৫), মো. সোহেল রানা (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৬) এবং একই এলাকার বাবুল চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায় (২০)।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তারা নগদ অর্থের পাশাপাশি বিকাশ ও উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে লেনদেন করতেন।

তিনি আরও জানান, তদন্তে থাইল্যান্ডভিত্তিক একটি অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার এবং নগদ এক লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

এ বিষয়ে রেজাউল করিম রেজা বলেন, র‌্যাবের পক্ষ থেকে আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুতই তাদের নীলফামারী আদালতে পাঠানো হবে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন