ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

বিচারকরা স্বাধীন বলেই এনসিপি নেতা দ্রুত জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

প্রকাশ: ২৩:৩৫, ২৬ মে ২০২৬

বিচারকরা স্বাধীন বলেই এনসিপি নেতা দ্রুত জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন বলেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে যা হয়েছে, সেখানে পুলিশের দায়িত্বশীলতার কোনো ঘাটতি ছিল না। বিচারকরাও স্বাধীনভাবে এ বিষয়ে দায়িত্ব পালন করেছেন। এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে।”

আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়—এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, “উনি যা বলেছেন, তা আদালত অবমাননার শামিল। বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন বলেই তাদের নেতারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন।”

বাংলাদেশের বিচার বিভাগ অন্য অনেক দেশের তুলনায় বেশি স্বাধীনভাবে কাজ করতে পারে দাবি করে আইনমন্ত্রী বলেন, “আমাদের দেশে মামলা জট রয়েছে। কারণ বিচারক সংকট আছে, একই সঙ্গে আইনজীবীর সংখ্যাও তুলনামূলক কম। বিশেষ করে ট্রায়ালে অংশগ্রহণের মতো দক্ষ আইনজীবীর অভাব রয়েছে। ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের বিচার বিভাগ সাংবিধানিকভাবে স্বাধীন। সুপ্রিম কোর্টের বিচারকদের ট্রান্সফার, পোস্টিং বা ডিসিপ্লিন সরকারের হাতে নেই। বিচারকরা নিজেদের জ্ঞান, প্রজ্ঞা ও বিবেচনা অনুযায়ী রায় দেন। সেখানে সরকারের কিছু করার থাকে না। সরকারই দেশে সবচেয়ে বেশি মামলার পক্ষ এবং সরকারই সবচেয়ে বেশি মামলায় হেরে যায়।”

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “এই মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তবে বিচারক ও আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচারকার্য দীর্ঘ হয়।”

এর আগে সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় অংশ নেন আইনমন্ত্রী। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন