ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ঝড়ে গাছচাপায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:১২, ২৭ মে ২০২৬

ঝড়ে গাছচাপায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বালিঘুগরি গ্রামে প্রবল ঝড় ও দমকা হাওয়ায় গাছ ভেঙে পড়ে লিটন (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ৩টার দিকে উপজেলার ছোনগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালিঘুগরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মৃত ইসমাইল হোসেনের ছেলে।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহত পরিবারের জন্য সরকারি সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে একটি করে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে লিটন নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রবল ঝড় ও দমকা হাওয়ার কারণে ঘরের ওপর হঠাৎ তিনটি গাছ ভেঙে পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ছোনগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন জানান, নিহত লিটন ইটালী গ্রামের আলিমের বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির পাশে থাকা তিনটি বড় গাছের একটি গভীর রাতে তার ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সকাল থেকেই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বাড়ির মালিক আলিম তখনও ঘটনাস্থলে আসেননি। নিহত লিটনের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণের জন্য ঢেউটিন বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

পরিদর্শনকালে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বন বিভাগের সহায়তায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ গাছের তালিকা প্রণয়ন করে দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন