ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

মাংস ভাগাভাগির স্থান নির্ধারণ নিয়ে ভাঙ্গায় তুমুল সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:২৩, ২৮ মে ২০২৬

মাংস ভাগাভাগির স্থান নির্ধারণ নিয়ে ভাঙ্গায় তুমুল সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস ভাগাভাগির স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদুল আজহার নামাজ শেষে কোরবানির মাংস ভাগাভাগির স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অপর পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট।

কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, টেটা ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে নারী-পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ২৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কোরবানির মাংস ভাগাভাগির স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন