ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ঈদের আনন্দ রক্তাক্ত সংঘর্ষে পরিণত, হরিণাকুণ্ডুতে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১১:২২, ২৯ মে ২০২৬

ঈদের আনন্দ রক্তাক্ত সংঘর্ষে পরিণত, হরিণাকুণ্ডুতে নিহত ১

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ন বাজানো ও সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে দেলোয়ার বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর ও পাখিমারা গ্রামের মধ্যবর্তী বরইতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দেলোয়ার বিশ্বাস হরিশপুর গ্রামের খয়বার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে বরইতলা এলাকায় বিভিন্ন গ্রামের লোকজন জড়ো হন। এ সময় মোটরসাইকেলের হর্ন বাজানো ও সাইড দেওয়া নিয়ে হরিশপুর গ্রামের শুভ ও পাখিমারা গ্রামের লাল্টুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দেলোয়ারসহ উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে জোড়াদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গুরুতর আহত দেলোয়ার বিশ্বাসকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতাল-এ ভর্তি করা হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জোড়াদহ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফরিদ উদ্দিন জানান, চাকু বা ছুরির আঘাতে দেলোয়ারের শ্বাসনালী কেটে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হরিণাকুণ্ডু থানা-র পরিদর্শক (তদন্ত) অসিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন