শিরোনাম
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৩:০৫, ২৯ মে ২০২৬
ছবি: সংগৃহীত
শুক্রবার (২৯ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডহর পাচুরিয়া জামে মসজিদের সংলগ্ন কবরস্থানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বাবুল মিয়া জানান, স্থানীয় মো. নবী মিয়ার পিতা কবরস্থানের জন্য মোট ৮ শতাংশ জমি দান করেন। দাতার শর্ত অনুযায়ী, ওই জমির মধ্যে ২ শতাংশ তাদের পারিবারিক কবরস্থানের জন্য সংরক্ষিত রাখা হয়। তবে চর ডহর পাচুরিয়া গ্রামের একটি পক্ষ শুরু থেকেই পারিবারিক কবরস্থান রাখার বিষয়টির বিরোধিতা করে আসছিল।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পারিবারিক কবরস্থান তুলে দেওয়ার উদ্দেশ্যে একদল লোক দেশীয় অস্ত্র, লাঠি ও বাঁশ নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা কবরস্থানের চারপাশের পাকা সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনায় অভিযুক্ত হিসেবে আব্দুল রশিদ (৫৫), সোহেল মিয়া (৩৫), নুরুজ্জামান খান (৫৭), নবিনুর মিয়া (৪৫), মঙ্গল শেখ (৫৭), শফিকুল ইসলাম (৩২), সাইফুল ইসলাম (৪৮)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নাগরপুর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি সংবেদনশীল হওয়ায় দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে