ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

চামড়ার বাজারে সিন্ডিকেটের অভিযোগ, লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩:১০, ২৯ মে ২০২৬

চামড়ার বাজারে সিন্ডিকেটের অভিযোগ, লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চামড়ার ক্রেতা সংকট ও ন্যায্য দাম না পাওয়ায় শত শত চামড়া সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন মৌসুমী ব্যবসায়ীরা। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা।

চামড়ার বাজারে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, তারা প্রতি চামড়া ৫০০ টাকায় কিনলেও ২০০ টাকাতেও বিক্রি করতে পারেননি। ফলে অনেকেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, সরকারের কার্যকর নজরদারির অভাবে চামড়ার বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এবার ঈদুল আজহায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১ লাখ ৬৯ হাজার পশু কোরবানি দেওয়ার চাহিদা ছিল। জেলার প্রায় ১৫ হাজার খামারি এসব পশু লালনপালন করেন। ঈদের দিন দুপুরের পর থেকেই শহরের টি.এ. রোড এলাকায় চামড়া নিয়ে জড়ো হতে থাকেন মৌসুমী ব্যবসায়ীরা। তবে রাতভর অপেক্ষা করেও অনেকেই কোনো ক্রেতার দেখা পাননি।

পরে বিক্রি করতে না পেরে অনেকে শহরের বিভিন্ন সড়কের পাশে চামড়া ফেলে রেখে চলে যান। এতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পথচারীদের ভোগান্তি বাড়ে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, জেলার অন্যান্য উপজেলায় চামড়া বিক্রি হলেও শহরে কেন বিক্রি হচ্ছে না, তা স্পষ্ট নয়। তিনি জানান, সড়কের পাশে ফেলে রাখা চামড়ার মালিকদেরও শনাক্ত করা যাচ্ছে না।

জেলা প্রশাসক আরও বলেন, বিষয়টি পৌরসভাকে জানানো হয়েছে এবং সন্ধ্যার পর ফেলে রাখা চামড়া অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন