ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩:২৪, ২৯ মে ২০২৬ | আপডেট: ২৩:২৫, ২৯ মে ২০২৬

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের সামনে বাসচাপায় আরজ আলী (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের সামনে এ ঘটনা ঘটে। একই দিন বেলা ১১টার দিকে শৈলকুপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামে অটোভ্যানের ধাক্কায় প্রাণ হারায় এক শিশু।

নিহত মোটরসাইকেল চালক আরজ আলী (১৮) কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে। নিহত শিশু মীম খাতুন (৩) শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের কবির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ে রাস্তার লেন পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরজ আলী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তাপস কুমার জানান, মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল শিশু মীম খাতুন। এ সময় যাত্রীবাহী একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন