ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নড়াইলে ১৩০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ঊষার আলো সূর্য সংঘ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৫:৪৭, ৩১ মে ২০২৬

নড়াইলে ১৩০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ঊষার আলো সূর্য সংঘ

ছবি: সংগৃহীত

নড়াইলে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সূর্য সংঘের উদ্যোগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আম্মার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সিট বাণিজ্য বা কোনো নেতার আনুগত্য পাওয়ার আশায় রাজনীতি করবেন না। নিজেকে যোগ্য করে গড়ে তুলুন। নেতার জন্য গলা ফাটিয়ে মিছিল করার প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে শুধু বিসিএস ক্যাডার বা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হওয়ার চিন্তা করাই যথেষ্ট নয়। সবার আগে একজন ভালো ও মানবিক মানুষ হওয়া জরুরি। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ দক্ষতা ও আগ্রহ অনুযায়ী কর্মজীবন গড়ে তোলার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জিএস সালাউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে বিজ্ঞান ক্লাব, বিতর্ক, সাহিত্য-সংস্কৃতি চর্চাসহ নানা ইতিবাচক সুযোগ রয়েছে। তবে মাদকাসক্তি ও বিপথগামিতার মতো নেতিবাচক দিক থেকেও সতর্ক থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

ঊষার আলো সূর্য সংঘের সভাপতি তরুণ কবি ও কলাম লেখক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ড. আকবর মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. ছায়েম আলী খান, মাওলানা আলমগীর হুসাইন, মাহবুবুর রশিদ লাবলু, প্রকৌশলী গোলাম রাব্বি, আনিসুল আজম, মোহাম্মদ আবু মুসা, বুয়েট শিক্ষার্থী শেখ ইমতিয়াজ ও শিক্ষার্থী রাফাত জামিলসহ অনেকে।

অনুষ্ঠানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নড়াইল জেলার ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, সনদপত্র এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

উল্লেখ্য, ঊষার আলো সূর্য সংঘ প্রতিবছর জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন