ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাইবে রাষ্ট্র: আইনমন্ত্র

প্রকাশ: ১৮:০৮, ৩১ মে ২০২৬

রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাইবে রাষ্ট্র: আইনমন্ত্র

ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যাকাণ্ড মামলায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, “আমাদের কাছে যে সাক্ষ্য-প্রমাণ রয়েছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আমরা প্রত্যাশা করি।”

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, “আমি বলেছিলাম শিশু রামিসা হত্যাকাণ্ড মামলার এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট দিতে পেরেছি। এখন বিষয়টি আদালতের। আগামীকাল আদালত খুলবে এবং প্রথম দিনেই মামলাটি গুরুত্ব দিয়ে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আমরা আদালতের কাছে সর্বোচ্চ শাস্তির আবেদন জানাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের।”

তিনি আরও বলেন, “মামলায় আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এসব বিবেচনায় আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আমরা মনে করি।”

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “বিরোধী দলের কাছ থেকে এখনো কোনো নাম বা মতামত পাওয়া যায়নি। আমরা ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। সেখানে আমাদের পক্ষ থেকে সাতজন, অন্যান্য দল ও স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজন রাখা হয়েছে। বাকি পাঁচজনের নাম বিরোধী দলের কাছ থেকে চাওয়া হয়েছে। আমরা তাদের মতামতের অপেক্ষায় আছি।”

তিনি বলেন, “মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন আইন নিয়ে প্রথম দফার পরামর্শ গ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন মহল থেকে পাওয়া সুপারিশগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বাস্তবতার নিরিখে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, সরকার সারাদেশে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতা প্রদানের বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন