শিরোনাম
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৩:০৭, ৩১ মে ২০২৬
ছবি: সংগৃহীত
রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া এলাকায় গড়াই নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু সাইফ ওসমান হাদি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুর গ্রামের আব্দুল আলিম ও যমুনা খাতুন দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জেরে যমুনা খাতুন তাঁর শিশুপুত্রকে নিয়ে হরিপুর সেতুতে যান। সেখানে তিনি শিশুটিকে নদীতে ফেলে দেন। পরে নিজেও গড়াই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দ্রুত যমুনা খাতুনকে উদ্ধার করতে সক্ষম হলেও শিশুটি নিখোঁজ ছিল।
রোববার বিকেলে নদীর পাড়ে যাওয়া কয়েকজন ব্যক্তি উলুবাড়িয়া বালুরঘাট এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মালিথিয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, আব্দুল আলিম ও যমুনা খাতুনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা যমুনা খাতুনকে উদ্ধার করলেও শিশুটি তখন থেকে নিখোঁজ ছিল।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বিকেল ৪টার দিকে উলুবাড়িয়া বালুরঘাট এলাকায় গড়াই নদীর পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর শিশুটির পরিবারকে খবর দেওয়া হলে রাত ৮টার দিকে তারা পুলিশ ক্যাম্পে পৌঁছে মরদেহ শনাক্ত করে। কুষ্টিয়া সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা পৌঁছালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে