শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১০:৪০, ২৫ জুলাই ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেইট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ৪ জন পুরুষ ও ২ জন নারীকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবি জানায়, বাংলাদেশে প্রবেশের আগেই সামন্তা বিওপির টহল দলের নজরে বিষয়টি আসে। পরে টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই ৬ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনায় বিএসএফকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস