ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল ১০ দিন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১০:০৭, ২৮ জুলাই ২০২৬

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল ১০ দিন

ছবি: ঢাকা এক্সপ্রেস

মাছের প্রজনন, বংশবৃদ্ধি ও মৎস্যসম্পদের ভারসাম্য রক্ষায় কাপ্তাই হ্রদে মাছ ধরার চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। ফলে তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও আপাতত হ্রদে সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে।

সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙ্গামাটি ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্মকর্তা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতারা জানান, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়লেও মাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি এখনো হয়নি। এছাড়া হ্রদের পানি এখনো ঘোলা থাকায় মাছ আহরণে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এতে জেলেরাও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

তারা বলেন, নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হলে কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত হবে। একই সঙ্গে মৎস্যজীবী, ব্যবসায়ী ও হ্রদের পরিবেশ সংরক্ষণেও এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন