শিরোনাম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১:১৪, ৮ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নাটোরের উত্তরা গণভবনের সামনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর পথসভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে পথসভা চলাকালে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম শামস আল আমিন তামিম (২৯)। তিনি নাটোর জেলা বিএনপির অর্থ সম্পাদক প্রয়াত নেতা শামসুল আলমের ছেলে। তামিম বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে উত্তরা গণভবনের সামনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের পথসভা চলছিল। সেখানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় খয়েরি রঙের পোশাক পরা এক যুবককে পিস্তলসহ আটক করা হয়। পরে জানা যায়, ওই যুবকই তামিম। তিনি নাটোর পৌরসভার কানাইখালী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। পাশাপাশি তিনি তার প্রয়াত বাবা শামসুল আলমের ব্যবসা দেখাশোনা করেন।
পুলিশ জানায়, তামিম পকেটে একটি পিস্তল নিয়ে সমাবেশস্থলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এসময় তাকে আটক করা হয়।
আটকের সময় তামিম দাবি করেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি এটি সঙ্গে এনেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।
তবে একাধিক সূত্রের দাবি, তামিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
এদিকে নাটোর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি একটি খেলনা পিস্তল। এটি দেখতে প্রকৃত পিস্তলের মতো। এর ওজন ও রংও অনেকটা আসল পিস্তলের মতো। তবে এটি তার কেনা খেলনা পিস্তল।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এটি তামিমের বাবা শামসুল আলমের নামে লাইসেন্স করা পিস্তল নয়। অস্ত্রটি খেলনা হলেও কেন তামিম সেটি নিয়ে সমাবেশস্থলে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস