শিরোনাম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৩৩, ১১ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়েন বাবা-ছেলে। এসময় নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান তারা। বাবা প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মারা গেছেন ছেলে।
নিহত যুবকের নাম মো. সদু ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন গ্রামের হবি প্রামাণিকের (৬০) ছেলে। এ ঘটনায় তার বাবা হবি প্রামাণিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা যায়।
পুলিশ জানায়, ভোর ৫টার দিকে হালতির বিলে মাছ শিকারে যান হবি প্রামাণিক ও তার ছেলে সদু ইসলাম। তারা নৌকা নিয়ে বিলে মাছ ধরছিলেন।
একপর্যায়ে হঠাৎ ঝড় শুরু হয়। এতে বিলের পানি উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান বাবা ও ছেলে।
আহত হবি প্রামাণিক এ সময় অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হন। তবে তার ছেলে সদু ইসলাম পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা জাল দিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালান। একপর্যায়ে পানির নিচ থেকে সদু ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হবি প্রামাণিক ও তার ছেলে সদু ইসলাম মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস