ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে: ফারজানা শারমীন

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৮, ১৫ আগস্ট ২০২৬

বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে: ফারজানা শারমীন

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে তিনি এ কথা বলেন।

ফারজানা শারমীন পুতুল বলেন, সরকারের ১৮০ দিনে অর্জন হলো- বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। সরকার পরিবর্তন হলেও পথে পথে আতঙ্ক আর নাম বদল শুরু হতো। প্রতিষ্ঠান দখল হতো; কিন্তু ৫ আগস্টের পরে আমরা দেশে পাহারা দিয়েছি যেন আর কোনো লাশ না পড়ে। বর্তমান সরকার দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করছে। একটি দীর্ঘমেয়াদি উন্নয়নের চেষ্টা করছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপি।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট প্রমুখ।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন আরও বলেন, এ দেশকে ধ্বংসস্তূপ করে রেখে গেছে একটি মাফিয়া দল, একটি তথাকথিত সরকার। বিগত দিনে দেশের বিদ্যুৎ, গ্যাস সেক্টরকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমরা উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসস্তূপ নিয়ে যাত্রা শুরু করেছি। বিদ্যুৎ, গ্যাস, আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদকসহ অসংখ্য সমস্যা নিয়ে কাজ করতে হচ্ছে। একটি দেশের মেরুদণ্ড ভেঙে দেয়ার জন্য যা যা করা দরকার বিগত মাফিয়া সরকার করে রেখে গেছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি।

তিনি বলেন, ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়ার সুযোগ নেই। যিনি যোগ্য তিনিই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।

তিনি আরও বলেন, সবুজ একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা বলেছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সন্তানকে সম্পদে পরিণত করব, প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত করে গড়ে তুলব। সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে।

এসময় চলনবিলকে একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলারও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন