শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১০:২৩, ১৬ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান উল্টে গেছে। এ ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আরও গুরুতর আহত হয়েছেন দুইজন।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও দুই নারীর মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। গুরুতর আহত শোভা চাকমা (৫২), জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমাকে (৪৫) উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রামে রেফার্ড করা হলে সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
কোতোয়ালি থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের এসআই খোকন কান্তি রুদ্র জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস