শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৯, ১৯ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম বাইন্যাছড়া এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ অভিযানে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ গোল কাঠ ও বাঁশ জব্দ করা হয়।
বুধবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে অভিযান পরিচালনা করে।
এসময় পাচারের উদ্দেশে মজুত করে রাখা মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রজাতির ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও বাঁশের আনুমানিক সিজার মূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে জব্দকৃত কাঠ ও বাঁশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি এলাকায় অবৈধভাবে কাঠ ও বাঁশ মজুত এবং পাচার বন্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস