শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৩, ২৩ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় কথিত শীর্ষ সন্ত্রাসী খালিদ হাসান রবিনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে সন্দেহভাজন একজনকে আটক করা হয়।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে কাঠেরপুল এলাকায় র্যাব ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের যৌথ দল এ অভিযান চালায়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘ক’ সার্কেলের পুলিশ সুপার শামীম হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে দুটি পিস্তলের গুলি ও দুটি শর্টগানের গুলিসহ মোট চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে পিস্তলের গুলি উদ্ধারের স্থান থেকে কাউকে আটক করা হয়নি।
অভিযান শেষে সন্দেহভাজন একজনকে আটক করে যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো সম্পৃক্ততার প্রমাণ না মিললে তাকে ছেড়ে দেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘ক’ সার্কেলের পুলিশ সুপার শামীম হোসেন বলেন, অভিযানে মোট চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি পিস্তলের এবং দুটি শর্টগানের গুলি। পিস্তলের গুলি উদ্ধারের স্থান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযান শেষে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় তাকে ছেড়ে দেওয়া হবে।
অভিযানকে কেন্দ্র করে কাঠেরপুল এলাকায় রাতভর চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধার করা গুলির উৎস এবং আটক ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা এক্সপ্রেস/এসএস