শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২:০০, ২৩ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাগেরহাটের কচুয়া উপজেলায় জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার উত্তর ভান্ডারকোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রমজান, আব্দুল্লাহ ও তাদের মা ফতে সেখানে এসে হামলা চালান।
নিহতের স্বজনদের দাবি, অভিযুক্ত রমজানসহ অন্যরা মাদকাসক্ত। তারা বিভিন্ন সময় বেদার মল্লিকের কাছে টাকা দাবি করতেন। ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমজান, তার ভাই আব্দুল্লাহ, তাদের মা ফতে এবং দুই ভাইয়ের স্ত্রী বেদার মল্লিকের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা বেদার মল্লিককে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস