শিরোনাম
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৩, ২৪ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মেহেরপুরে ধর্ষণের মামলায় কলিম উদ্দিন ওরফে কালু নামে এক ইউপি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কলিম উদ্দিন ওরফে কালু (৫৫) মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
রায় ঘোষণার পর আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। একই সঙ্গে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তবে রায় ঘোষণার পরপরই আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়েন কলিম উদ্দিন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মামলার বিবরণ দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় কলিম উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায়ে বিচারক উল্লেখ করেন, আসামির ওপর আরোপ করা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে।
আসামির বর্তমান সম্পদ থেকে অর্থদণ্ডের টাকা আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তার মালিকানাধীন বা অধিকারভুক্ত সম্পদ থেকে তা আদায় করা যাবে। এ ক্ষেত্রে ভুক্তভোগীর ক্ষতিপূরণের দাবি অন্য যেকোনো দাবির চেয়ে অগ্রাধিকার পাবে।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৬ ধারার বিধান অনুযায়ী আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য মেহেরপুরের ডেপুটি কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, নিলামে সম্পত্তি বিক্রির পর পাওয়া অর্থ ট্রাইব্যুনালে জমা দিতে হবে। পরে ওই অর্থ মামলার ভুক্তভোগীকে দেওয়ার কথা বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে কলিম উদ্দিনের অপরাধ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
ঢাকা এক্সপ্রেস/এসএস